ড্রেনে নোংরা জল ফেলা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদের জেরে এক স্কুল ছাত্রকে কুপিয়ে খুনের চেষ্টা। অভিযুক্ত প্রতিবেশী পলাতক। ঘটনাটি ঘটেছে আজ সকালে মালদার ইংরেজবাজার থানার অর্ন্তগত মিল্কি ফাঁড়ির সাট্টারী এলাকায়। আহত ছাত্র আঞ্জুলুল মোমিন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। সে স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।
জানা গিয়েছে, আঞ্জুলুল মোমিনের বাড়ির ড্রেনে দীর্ঘদিন থেকে নোংরা জল ফেলছে প্রতিবেশী খাবিরুদ্দিন মোমিনের পরিবারের লোকজন। বার বার ওই জল ফেলতে নিষেধ করেন আঞ্জুলুলের বাবা দানেশ মোমিন। এই নিয়ে তাদের মধ্যে বিবাদ চলছিলো। আজ সকালে সেই বিবাদ চরম আকার নিলে অভিযুক্ত খাবিরুদ্দিন মোমিন ও তার দুই ছেলে দানেশ মোমিনের বাড়িতে চরাও হয়ে মারধর করতে থাকে। ঘটনা দেখতে পেয়ে আঞ্জুলুল বাবা মাকে বাঁচাতে গেলে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে তারা বলে অভিযোগ। স্থানীয় গ্রামবাসীরা আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসা হলে বাবা ও মাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ওই ছাত্রের মাথায় পিঠে হাতে আঘাত থাকায় সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মিল্কি ফাঁড়ির পুলিশ।