উত্তরদিনাজপুর

জোট প্রার্থীদের সাথে তৃনমূল কংগ্রেসের সংঘর্ষ, উত্তেজনা উত্তর দিনাজপুরের সাহাপুর এলাকায়

কংগ্রেস ও সিপিএমের জোট প্রার্থীদের সাথে তৃনমূল কংগ্রেসের সংঘর্ষ, ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের অধীন সাহাপুর এলাকায়। এই ঘটনার জেরে দুই পক্ষের ২ মহিলা সহ ১০ জন আহত হন। সেই সঙ্গে একটি গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি দুই পক্ষের অস্থায়ী কার্যালয়েও ভাঙচুর করা হয়। জানা যায় চায়ের দোকানে বসে প্রথমে দু পক্ষের বচসা যা পরবর্তীতে হিংসার আকার নেয়। ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এলাকা থমথমে বসানো হয়েছে পুলিশ পিকেট। আহতদের উদ্ধার করে প্রথমে কুনোর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে পরে গুরুতর আহতদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

            এই ঘটনায় তৃনমূলের এক নেতা বিজয় মিশ্রের অভিযোগ, প্রতিদিনের মতো এদিন যখন চায়ের দোকানে তাদের কর্মীরা বসেছিল, সেই সময় উদ্দেশ্য প্রনোদিত ভাবে কংগ্রেস সিপিএমের জোটের দুষ্কৃতিরা তাদের কর্মীদের উপর হামলা চালায়। এই ঘটনায় তৃনমূলের ৫ জন আহত হয়। এবং তাদের একটি গাড়ি ও অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালায়।

             অপরদিকে কংগ্রেসের এক নেতা সুজীত দত্তের অভিযোগ, চায়ের দোকানে তৃনমূলের দুষ্কৃতিরা তাদের জোটের কর্মীদের উপর হামলা চালায়। এতে তাদের কর্মীরা আহত হয়। তাদের অস্থায়ী দলীয় কার্যালয়েও ভাঙচুর করে তৃণমূলের দুষ্কৃতিরা। এমনকি তাদের এক মহিলা কর্মীর উপরে গাড়ি চাপিয়ে দেয়। তাদের গুরুত্বর আহত অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেসালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।