গরুতে বাড়ির খর খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল দুই পরিবার। আহত সকলে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের কসবা গ্রামে। ৩ জনের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম মহঃ আরিফ হোসেন (৪৭), সেখ মুসারফ(৩৭) এবং মীর মাসুদ আলী(২৪)। এরা সম্পর্কে দাদা ভাই। জানা গিয়েছে, মীর মাসুদের একটি গরু সেখ নৈমুদ্দিনে বাড়িতে মজুদ রাখা খরের গাদা থেকে খর খেয়ে নেয় বলে অভিযোগ। যার কারনে সেখ নৈমুদ্দিনের পরিবার গরু আটকে রেখে মীর মাসুদ আলীর পরিবারকে গালিগালাজ করে বলে অভিযোগ উঠে। রাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে একলা পেয়ে মীর মাসুদকে মারধোর শুরু করে নৈমুদ্দিন ও তার পরিবারের লোকজন। খবর পেয়ে পরিবারের লোকেরা মীর মাসুদকে বাঁচাতে গেলে তাদের উপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলেও অভিযোগ ওঠে। রাতেই আহতদের উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করে পরিজনেরা। সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। এই মর্মে রতুয়া থানায় অভিযুক্ত সেখ নৈমুদ্দিন, সেখ মিজারুল এবং সেখ সানাউলের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও অভিযুক্তরা পলাতক বলে খবর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/iULQn8Ih4BI