পাওনা মাত্র 600 টাকা। আর সেই টাকাই চাইতে গিয়ে প্রতিবেশী যুবকের হাতে আক্রান্ত হলেন এক বৃদ্ধ। শুক্রবার রাত্রিবেলা মালদার হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধ বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
আহত বৃদ্ধের নাম তনময় মিশ্র। বয়স 60 বছর। এদিন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুয়ে তিনি জানান, বেশ কিছু দিন আগে প্রতিবেশী লাল্টু দাসকে তিনি 600 টাকা ধার দিয়েছিলেন। এদিন নিজের প্রয়োজনে লাল্টুর কাছে পাওনা টাকা চাইতে যান তিনি। টাকা দিতে অস্বীকার করে লাল্টু। পাল্টা ওই বৃদ্ধকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। তিনি প্রতিবাদ করলে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই অবস্থায় পাড়া-প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তার আঘাত গুরুতর থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত লালটু দাসের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে লাল্টু। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/rRMw6_ARdxs