মালদা

জাল নিয়োগপত্র নিয়ে প্রাথমিক শিক্ষক পদে যোগ দিতে গিয়ে ধরা পড়ল এক যুবক

ভুয়ো চিকিৎসকের পর এবারে ভুয়ো শিক্ষক। জাল নিয়োগপত্র নিয়ে প্রাথমিক শিক্ষক পদে যোগ দিতে গিয়ে ধরা পড়ল এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার গাজোলের পান্ডুয়া এলাকায়। নিয়োগপত্র দেখে সন্দেহ হওয়ায় গাজোলের পান্ডুয়া সার্কেলের পক্ষ থেকে গোটা বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা সংসদে জানানো হয়। গতকাল রাত আটটা নাগাদ ই-মেইলে প্রতারকের বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগ দায়ার করেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুন্ডু। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পাঁচ দিনের পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হবে।

            জানা যায় ধৃত যুবকের নাম দুলাল হোসেন। বাড়ি রতুয়া থানার রাধানগর গ্রামে। গতকাল একটি নিয়োগপত্র নিয়ে গাজোলের পান্ডুয়া সার্কেলের আকালপুর প্রাথমিক স্কুলে কাজে নিয়োগ দিতে যায় দুলাল। নিয়োগপত্রে লিখা ছিল, সহকারী শিক্ষক হিসেবে তাকে আকালপুর-২ প্রাথমিক স্কুলে নিয়োগ করা হয়েছে। ২৪ জুলাই থেকে ২৪ আগস্টের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগপত্রের নিচে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান আশিস কুন্ডুর স্বাক্ষর ছিল।

            আশিসবাবু গাজোল থানার পুলিশের গোটা ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আর্জি জানিয়েছেন।