কুশমণ্ডিতে তরুণীর গণধর্ষণের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে উত্তর দিনাজপুরেও পথে নামল আদিবাসীরা। বুধবার দুপুরে জেলার প্রতিটি ব্লকে আদিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আসেকা-র পক্ষ থেকে সাইকেল ও বাইক মিছিল বের করা হয় ।
উল্লেখ্য, রায়গঞ্জে বাইক মিছিলের মাধ্যমে তরুণীর উপর নৃশংস অত্যাচারের তীব্র প্রতিবাদ জানান তাঁরা। অবিলম্বে সমস্ত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুমকিও দিয়েছেন ক্ষিপ্ত আদিবাসীরা। এদিন মিছিল শেষে বিকেলবেলা প্রতিটি ব্লকে একটি করে পথ সভাও করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।