রবিবার রাতে বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রিস্তারা এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত হলেন চার বিজেপি কর্মী। আহতদের উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, রবিবার রাতে বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রিস্তারা এলাকার এক বিজেপি অস্থায়ী শিবিরে হঠাৎ করে ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বেশ কিছু দুষ্কৃতি বলে অভিযোগ। ঘটনায় চারজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় বালুরঘাট হাসপাতালে। এই খবর পেয়ে এদিন হাসপাতালে হাজির হন বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার। তিনি দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাত করেন। তাদের হাল হকিকত নিয়ে কথা বলেন।
এদিনের এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন, নির্বাচনের আগেই এমন ঘটনা তাহলে নির্বাচনের দিন কি হবে তা সহজেই অনুমান করা যায়। এই নির্বাচন গণতন্ত্র না এটি একটি প্রহসন হয়ে দাঁড়িয়েছে বলে তিনি অভিযোগ করেন।