মালদা

জুয়া খেলার প্রতিবাদ করায় প্রাণ হারাল স্ত্রী

জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে এবং মারধর করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রামপঞ্চায়েতের লক্ষীঘাটের চাই মোর এলাকায়। মৃত গৃহবধূর নাম সাকিনা বিবি। ঘটনায় স্বামী সাফিকুল শাহ পলাতক।

            জানা গিয়েছে মেয়ের বাবার বাড়ি ইংরেজবাজার থানার মাদিয়া চাইঁ পাড়া এলাকায়। মাস দুয়েক আগে লক্ষীপুরের চাই মোর এলাকার বাসিন্দা সাফিকুল শাহ ওরুফে জিল্লুর সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর সাকিনা জানতে পারে তার স্বামী জুয়ারী। জুয়া খেলে সর্বশ্য ধ্বংস করেছে সে। স্বামীর এই কু অভ্যাসের প্রতিবাদ করে স্ত্রী। আর এই নিয়ে মাঝেমধ্যেই তাদের মধ্যে বিবাদ লেগেই থাকত। মঙ্গলবার আবার জুয়া খেলার জন্য তার স্ত্রীর বাক্স থেকে সোনার মালা নিয়ে বের হচ্ছিলো স্বামী সাফিকুল শাহ। আর সেই সময় স্ত্রী বাঁধা দেওয়ায় স্ত্রীকে বেধরক মারধর করে সাফিকুল।এরপর শ্বাসরোধ করে খুন করে তাকে। আজ সকালে মৃতদেহটি বিছানায় পরে থাকতে দেখা যায়।তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সাফিকুল শাহ পলাতক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।