মালদা

পারিবারিক বিবাদে ভাই বউকে কুপিয়ে খুন, অভিযুক্ত দাদা বৌদি

দুই ভাইয়ের পারিবারিক বিবাদ, আর এর জেরেই নিজ ভাই বউকে কুপিয়ে খুনের অভিযোগ দাদা বৌদির বিরুদ্ধ। ভাইয়ের অনুপস্থিতিতে তার স্ত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় অভিযুক্ত দাদাকে পুলিশ গ্রেফতার করলেও পলাতক বৌদি। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর অঞ্চলের জগাদি টোলা গ্রামে।

            পরিবার সুত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সামনুর বিবি (২৮)। স্বামী মানিরুল সেখ, সে পেশায় ট্রাক চালক। তাদের বর্তমানে দুই নাবালক পুত্র সন্তান রয়েছে। মানিরুল সেখ ও হাকিম সেখ সম্পর্কে দুই ভাই। দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল তাদের মধ্যে। এই নিয়ে দুই ভাইয়ের পরিবারের ঝগড়া অশান্তি লেগে থাকত। তাই এই দুই পরিবার পৃথক বসবাস করছিল। বুধবার ভাই মানিরুল ট্রাক নিয়ে বাংলাদেশ গিয়েছিল। তারই মাঝে আবার দুই পরিবারের মধ্যে বিবাদ লাগে। বুধবার রাতে সেই বিবাদ চরম আকার নেয়।

            অভিযোগ, দাদা হাকিম সেখ ও তার স্ত্রী হাপিজা বিবি ভাইয়ের অনুপস্থিতে তার বউয়ের উপর মারধর চালায়। এমনকি ধারাল অস্ত্র দিয়ে ভাই বউ সামনুর বিবিকে একাধিক কোপ মারে তার মাথায় ও শরীরে। ধস্তাধস্তিতে আহত হয় অভিযুক্ত দাদা হাকিম সেখ। ধারাল অস্ত্রের কোপে গুরুত্বর আহত ভাইয়ের বউকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বেদরাবাদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

            ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত দাদা হাকিম সেখকে গ্রেফতার করে। সে আহত থাকায় পুলিশি হেফাজতে তার চিকিৎসা চলছে বেদরাবাদ হাসপাতালে। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বৌদি হাফিজা বিবি।

            স্বামী মানিরুল ঘটনার খবর পেয়ে সকালে ছুটে আসেন হাসপাতালে। তার অভিযোগ তার দাদা ও বৌদি তার স্ত্রীকে খুন করেছে। তাদের কঠোর শাস্তির দাবি জানায় সে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বৌদির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।