কাদিরগঞ্জ আদিবাসী কিশোরী রিতিকা টুডু ধর্ষন ও খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার পুলিশ। ধৃতরা হলো রতন বিশ্বাস ও গোঁসাই মন্ডল। ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষন ও খুনের মামলা রুজু করেছে পুলিশ। এর পাশাপাশি সুশীল শিকদার এবং নিরঞ্জন মন্ডল নামে দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে করনদীঘি থানার পুলিশ। সূত্রের খবর তাদের ছেলেদের না পেয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।
উল্লেখ্য, গত শুক্রবার একদল দুষ্কৃতকারী করনদীঘি থানার কাদিরগঞ্জ গ্রামের বাসিন্দা অষ্টম শ্রেনীর ছাত্রী রিতিকা টুডুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ির পাশে একটি লিচু বাগানে গনধর্ষন করার পর খুন করে। খুন করে মৃতদেহ আবার বাড়িতেই রেখে দিয়ে যায় দুষ্কৃতকারীরা। এই ঘটনার সময় মৃতা ছাত্রীর বাবা-মা পাশের গ্রামের রাসমেলার অনুষ্ঠানে গিয়েছিলেন। ভোরবেলা বাড়ি ফিরে এসে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান তারা। এদিকে এই খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রিতিকার স্কুল পৌটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ করে। বিক্ষোভ দেখায় আদিবাসীরাও। এরপরই গতকাল রাতেই দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে করনদীঘি থানার পুলিশ। জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বলে জানা গিয়েছে। এদিকে আজ গ্রেপ্তার হওয়া দুই যুবক গোঁসাই মন্ডল ও রতন বিশ্বাস কে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।