ভোট প্রচার করা নিয়ে উতপ্ত হলো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকা। ঘটনায় আহত বেশ কয়েকজন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, মঙ্গলবার রাতে নওদার রামপুরে ভোট প্রচারে যায় বেশ কয়েকজন তৃণমুল কর্মী। সেই সময় তাদের পথ আটকায় জোট প্রার্থীর কর্মীরা। এই নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়। ঘটনায় দু'পক্ষের মোট ১২ জন আহত হয়। আহতদের হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে ও রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই হেমতাবাদ থানা থেকে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
এই ঘটনায় আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী অভিযোগ করে বলেন, তারা ভোট প্রচারে বেড়িয়েছিল। সেই সময় জোট প্রার্থীর সমর্থকরা তাদের পথ আটকায় ও মারধর করে বলে অভিযোগ।