মালদা

পারিবারিক বিবাদের জেরে বৌমাকে পুরিয়ে মারার চেষ্টা করলো শ্বশুর ও শাশুড়ি

পারিবারিক বিবাদের জেরে বৌমাকে পুরিয়ে মারার চেষ্টা করলো শ্বশুর ও শাশুড়ি। অগ্নিদগ্ধ গৃহবধূ আজিনা বিবি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। 

        জানা গিয়েছে বছর সাতেক আগে আজিনা বিবির বিয়ে হয় গঙ্গা প্রসাদের বাসিন্দা রামাতুল্লা মোমিনের সাথে। পেশায় আইসক্রিম বিক্রেতা। তাদের একটি সন্তান রয়েছে। বিয়ের বেশ কয়েকবছর পর থেকেই শাশুড়ি ও বৌমার মধ্যে ছোট খাটো বিষয় নিয়ে বচসা হত। কিন্তু তা স্বত্বেও সব কিছু মানিয়ে নিয়ে আজিনা বিবি সেখানে ছিল। দিনের পর দিন চলা বচসাই এদিন চরম আকার নেয়। সকালবেলা স্বামী কাজে বেড়িয়ে যায়। এরপরেই শাশুড়ি ও শ্বশুর তার ঘরে ঢুকে ঘর বন্ধ করে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় আজিনা বিবির শরীরে। ঘটনার চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে ওই গৃহবধুকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ঘটনার বেগতিক দেখে শ্বশুর ও শাশুড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই গৃহবধূর অবস্থা খারাপ থাকায় তাকে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। তার শরীরের ৭০ শতাংশ পুরে গিয়েছে। বর্তমানে সে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।