এক বেসরকারি হোটেল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের তিস্তাপল্লী এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, এক ব্যক্তি বুধবার রাত ৮.১৫ নাগাদ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের তিস্তাপল্লী এলাকার এক বেসরকারি হোটেলে ঘর ভাড়া নেন। রাতে খাবার নিয়ে ঘরে ঢোকার পর আর ঘর খোলেননি ওই ব্যক্তি। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সাফাই কর্মী এসে ডাকলেও ঘর না খোলায় সাফাই কর্মী হোটেলের ম্যানেজার পার্থ রাহাকে খবর দেন। ম্যানেজার পরিস্থিতি বুঝে হোটেলের মালিক সমর রায় কে খবর দেওয়ার পাশাপাশি ইসলামপুর থানায় খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে ঘরে ঢুকলে দেখা যায় ওই ব্যাক্তি নাইলনের দড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। ঘরের বিছানা আগোছালো অবস্থায় দেখা যায়। এর পাশাপাশি ছিল খাবারের ফয়েল প্যাক, খালি মদের বোতল উদ্ধার হয়। সেই সঙ্গে ঘরে একটি মোবাইল ফোন পায় পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে ওই মোবাইলে মৃত্যু কালীন ভিডিও রেকর্ড করে গেছে ওই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যাক্তির নাম সুধাকর কুমার(৩৮), বাড়ি বিহারের বৈশালী জেলার লালগঞ্জ থানা এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এবিষয়ে সুভম লজের সাফাইকর্মী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ঘর পরিষ্কার করার জন্য এসে দেখে ঘর বন্ধ। তারপর ডাকাডাকি করলে কোনো উত্তর না পাওয়ায় ম্যানেজারকে খবর দেয়।
এবিষয়ে লজের ম্যানেজার পার্থ রাহা জানান, তাদের লজের সাফাই কর্মীদের কাছ থেকে খবর পেয়ে লজের মালিককে খবর দেন। তারপর পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।