উত্তরদিনাজপুর

হাসপাতালের বেড থেকে পরে গিয়ে সদ্যজাত শিশুর মৃত্যু। অভিযোগ তুলে হাসপাতালের সুপারকে ঘেরাও করে বিক্ষোভ প্রসূতির পরিবারের

হাসপাতালের বেড থেকে পরে গিয়ে সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে রায়গঞ্জ জেলা হাসপাতালের সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো প্রসূতির পরিবারের সদস্যরা।চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয় রায়গঞ্জ জেলা হাসপাতাল চত্বরে। হাসপাতাল সুপার প্রসূতির পরিবারের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

        জানাযায়, হেমতাবাদ থানার বেলতলী এলাকার বাসিন্দা প্রসূতি নারায়নী রাজবংশী সন্তান প্রসবের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ,সন্তান জন্মানোর পর সদ্যজাত শিশুসহ প্রসূতিকে বেডে দেওয়ার পর স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারনে মৃত্যু হয় সদ্যজাত শিশুটির।  এরপরই ওই প্রসূতির পরিবারের লোকজন ও হেমতাবাদ বেলতলী এলাকার বাসিন্দারা হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। এর পাশাপাশি হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগও দায়ের করেন তারা। 

        যদিও রায়গঞ্জ জেলা হাসপাতালের সুপার গৌতম মন্ডল জানিয়েছেন, " সদ্যজাত শিশুটির মৃত্যু অন্য কোনও কারনে হয়েছে। এক্ষেত্রে হাসপাতাল স্বাস্থ্যকর্মী বা কর্তৃপক্ষ দায়ী নয়"।  হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেওয়ায় দ্রুত রায়গঞ্জ থানার পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হাসপাতাল সুপার ঘটনার তদন্তের আশ্বাস দিলে সদ্যজাত শিশুর মৃতদেহ ও প্রসূতিকে নিয়ে বাড়ি ফিরে আসে পরিবারের সদস্যরা।