রাতে অন্ধকারকে কাজে লাগিয়ে কেউ বা কারা কয়েক কুইন্টাল মরা মাছ জাতীয় সড়কের পাশে লোকালয়ে ফেলে যাওয়ার অভিযোগে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পালিশালা এলাকায়। দীর্ঘ দু'ঘন্টা অবরোধের পর ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। আটকে পড়ে দূর পাল্লার বহু গাড়ি।
জানা গেছে রাতের অন্ধকারে পানিশালা এলাকায় ৩৪ জাতীয় সড়কের পাশে প্রচুর মরা মাছ ফেলে দিয়ে যায় কেউ বা কারা। সেই কয়েক কুইন্টাল মরা মাছের গন্ধে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। মরা মাছ সরানোর দাবীতে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে মরা মাছ সরিয়ে মাটি চাপা দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তোলে বাসিন্দারা। পুলিশের প্রাথমিক ভাবে ধারনা বাইরে থেকে লড়ি করে আসছিল ওই মাছ। বন্যার কারনে রাস্তায় আটকে মরে যাওয়ায় ব্যবসায়ীরা ওই মাছ ফেলে দিয়ে গেছে। পুলিশের অনুমান যতটা মাছের পরিমান তাতে মনে হচ্ছে দু'থেকে তিন লড়ি মাছ ফেলা হয়েছে ওই জায়গায়।