মদ খেয়ে মাতলামির প্রতিবাদ করায় মদ্যপদের হাতে আক্রান্ত এক যুবক। ঘটনাটি ঘটেছে ভুতনী থানার দক্ষিন চন্ডীপুর এলাকায়। আহত যুবকের নাম নটবর মন্ডল। অভিযুক্ত রাম মন্ডল, গৌতম মন্ডল সহ ১৫জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে দক্ষিন চন্ডীপুর এলাকায় তিনজন মদ্যপ মাতলামি করছিলো। এই ঘটনায় রাস্তায় মহিলা সহ অন্যান্যদের যাওয়া দুস্কর হয়ে পরেছে। সন্ধ্যা নামতেই এলাকায় মদ্যপদের আনাগোনা বাড়তে থাকার ফলে এলাকার মানুষ দুশ্চিন্তায় পরে। এদিন রাত্রিবেলা মদ্যপরা গ্রামের রাস্তায় মাতলামী করতে শুরু করে। সেই সময় ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল নটবর। তাদের রাস্তা থেকে সরতে বলায় উভয়ের মধ্যে বচসা শুরু হয়। এরপর রাম মন্ডল সহ তার দলবল নটবরের ওপর লাঠি ইঁট নিয়ে চরাও হয়ে মারধর শুরু করে। ঘটনায় গ্রামের লোক আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় গ্রামবাসীরা। কিন্তু তার মাথায় ও বাম চোখে আঘাত গুরুত্বর থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা।