তৃনমূল কংগ্রেস পরিচালিত গ্রামপঞ্চায়েতের কাজে দুর্নীতির প্রতিবাদে কংগ্রেসের ডেপুটেশন কে ঘিরে রনক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের দাসপাড়া গ্রামপঞ্চায়েতে। কংগ্রেস ও তৃনমূল কংগ্রেসের সংঘর্ষে পুলিশকর্মীসহ আহত দুপক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে টিয়ারগ্যাসের পাশাপাশি কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে। আহতদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তৃনমূল কংগ্রেস পরিচালিত চোপড়া ব্লকের দাসপাড়া গ্রামপঞ্চায়েতে একশো দিনের কাজ, ইন্দিরা আবাস যোজনা প্রকল্পসহ বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ তুলে ১৫ দফা দাবি নিয়ে সোমবার চোপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দিতে যায়। পুলিশের কাছে আগাম খবর থাকায় চোপড়া থানার পুলিশ দাসপাড়া গ্রামপঞ্চায়েতে আগে থেকেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে রাখে।
কংগ্রেসের অভিযোগ, পুলিশের সামনেই তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা কংগ্রেস কর্মীদের উপর হামলা চালায়। এরপরই সংঘর্ষ বেধে যায় কংগ্রেস ও তৃনমূল কংগ্রেসের মধ্যে। সংঘর্ষ থামাতে গেলে পুলিশও আক্রান্ত হয়। এরপরই পুলিশ লাঠিচার্জ করে। পুলিশকে লক্ষ করে শুরু হয় পাথর বৃষ্টি। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এরপর পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়ে। অভিযোগ, পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলিও চালায়। সংঘর্ষে কয়েকজন পুলিশ কর্মীসহ দুপক্ষের বেশকিছু কর্মী সমর্থক আহত হয়েছেন। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় নামানো হয়েছে কমব্যাট ফোর্সসহ বিশাল পুলিশবাহিনী।
উল্লেখ্য দাসপাড়া গ্রামপঞ্চায়েতের মোট ২২ আসনের মধ্যে তৃনমূল কংগ্রেস ১৫, কংগ্রেস ৫ ও সিপিএম এর ২টি আসন রয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/nKyw57skUWI