মালদা

বন্ধুর হাতে খুন হল বন্ধু কালিয়াচক থানার সিমালপুর এলাকার ঘটনা

মোবাইল ফোন নিয়ে বচসার জেরে বন্ধুর হাতে খুন হল বন্ধু। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, মালদার কালিয়াচক থানার সিমালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাটখোলা এলাকায়। 
        জানা গেছে, মৃতের নাম কাবা মোমিন। বাড়ি সিমালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাটখোলা এলাকায়। বুধবার দুপুর দেড়টা নাগাদ তাঁর এক বন্ধু রুবেল সেখ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।  স্থানীয় এক পুকুর পাড়ে প্রায় প্রতিদিনের মতো এদিনও দুই বন্ধু মিলে আড্ডা মারছিল বলে জানা যায়। অভিযোগ ঠিক সেই সময় মোবাইল ফোন নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা শুরু হয়। জানা যায়, বচসা চলাকালীন তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক সময় রুবেল সেখ কাবা মোমিনকে তাঁর ঘাড়ে তুলে আছাড় মারে। বিষয়টি স্থানীয়দের নজরে আসেই তারা আহত কাবা মোমিনকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। 
         খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে। ছেলের মৃত্যুর অভিযোগে রুবেল সেখের নামে কালিয়াচক থানায় অভিযোগ দায়ার করা হয় মৃতের পরিবারের পক্ষ থেকে। জানা গিয়েছে, মৃতের পরিবারের অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত রুবেল সেখকে গ্রেফতার করেছে পুলিশ।