সারা রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। যদিও নির্বাচনের দিন ঘোষণা হয়নি। কিন্তু এরই মধ্যে দিন যত গড়াচ্ছে, ততই রাজ্যের বিভিন্ন জেলার দেখা দিচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। কোথাও সংঘর্ষ, তো কোথাও আবার দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ ঘটনা ঘটে চলেছে। শনিবার এই সকল ঘটনার অঙ্গ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা এলাকার এক তৃণমূল কংগ্রেসের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে থাকা দলীয় পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিরোধী দলের বিরুদ্ধে। জানা যায়, শুক্রবার রাতের অন্ধকারে কে বা কারা মালঞ্চা এলাকার এই অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে থাকা দলীয় পতাকা পুড়িয়ে দেয় বলে অভিযোগ। এদিন সকালে ঘটনাটি নজরে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। সংগঠনের তরফে এই মর্মে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। যার তদন্তে নেমে বালুরঘাট থানার পুলিশ সৌরেন বর্মন নামে এক আর এস পি কর্মী কে গ্রেফতার করে বলে খবর।
দলের তরফে বলতে গিয়ে এক তৃণমূল নেতা অলোক চৌধুরী অভিযোগ করে বলেন, রাতের অন্ধকারে কে বা কারা তাদের অস্থায়ী কার্যালয়ের দলীয় পতাকায় আগুন ধরিয়ে দেয়। তবে যারা বাম থেকে রাম হয়েছে তারাই এই ঘটনার জন্য দায়ী ব্রেও অভিযোগ করা হয়।
যদিও এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে আর.এস.পি-র সেক্রেটারি বিশ্বনাথ চৌধুরী তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এটা একটি সাজানো ঘটনা। ওই এলাকায় আমাদের অবস্থা ভালো রয়েছে। সেই কারনে ওরা নিজেরাই আগুন লাগাচ্ছে ও বলছে আর.এস.পি লাগাচ্ছে। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে একজন অভিযোগ করল আর পুলিশ গ্রেপ্তার করল। তা এতো রাতে কে দেখল? এটা বিরোধীদের চক্রান্ত করে দমানোর চেষ্টা বলে তিনি দাবী করেন।