দিনের পর দিন জেলায় বেড়ে চলেছে জ্বরে মৃত্যুর সংখ্যা। এদিন আবার জ্বরে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। মৃত ছাত্রের নাম বিপ্লব পাল(১৫)। সে স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বুড়াবুড়িতলায়। জানা গিয়েছে, ওই ছাত্রকে শনিবার প্রচুর জ্বর নিয়ে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়। আজ ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তার মৃত্যু হয়। মালদা জেলা জুড়ে প্রতিনিয়ত বাড়ছে অজানা জ্বর ও ডেঙ্গু জ্বরের প্রকোপ। ইংরেজবাজার পুরসভা, পুরাতন মালদা পুরসভা, কালিয়াচক সহ জেলার বেশ কয়েকটি ব্লক থেকে জ্বর নিয়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হচ্ছে বহু রুগী। যার ফলে হাসপাতালের বেডে জায়গা না হওয়ায় রোগীরা হাসপাতালের মেঝেতে আশ্রয় নিচ্ছে।
মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে তাদের ছেলের। রাতে হাসপাতালে নিয়ে আসা হলেও কোন চিকিৎসা করা হয়নি তার। এরপর আজ ভোরে মৃত্যু হয় ছেলেটির।
জেলা পরিষদের সহসভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল বলেন প্রতিটি ব্লকে আমাদের কর্মীরা কাজ করছেন। সকলেই ওষুধ ও চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে।