উত্তরদিনাজপুর

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত পাঁচ জন পরীক্ষার্থী

সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে পথ দুর্ঘটনায় আহত হল পাঁচ জন পরীক্ষার্থী। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা এলাকার রামগঞ্জ হাইস্কুলের পাঁচ পরীক্ষার্থী অটো রিজার্ভ করে ইসলামপুরের দিকে আসছিল। পথে রামগঞ্জ ফ্লাই ওভারের কাছে মোটর বাইকের সাথে অটোর সংঘর্ষ হয়। যার জেরে গুরুতর জখম হয় পাঁচ পরীক্ষার্থী। তাদের মধ্যে দুই পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা করিয়ে ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ হাইস্কুলের সেন্টারে পরীক্ষা দিতে চলে যায় বলে খবর। বাকি তিন পরীক্ষার্থী গুরুতর জখম হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। পরে রামগঞ্জ হাই স্কুল কর্তৃপক্ষ ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে পরীক্ষার ব্যবস্থা করেন। 

        এবিষয়ে রামগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা সুর জানিয়েছেন, রামগঞ্জ হাইস্কুলের পাঁচ পরীক্ষার্থী অটো রিজার্ভ করে পরীক্ষা দিতে যাওয়ার সময় একটি বাইকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা হয়। তারা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের বেডে বসে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।