উত্তরদিনাজপুর

ধর্ষণের প্রতিবাদ করতে এসে আদিবাসীদের তাণ্ডব

চার আদিবাসী মহিলার উপর যৌন নির্যাতনের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বাসস্ট্যান্ড এলাকা। আজ বিক্ষোভে সামিল হন আদিবাসী সম্প্রদায়ের প্রায় ১০ হাজার মানুষ। তির ধনুক নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা। সেই বিক্ষোভ থেকে রণক্ষেত্র হয়ে যায় রায়গঞ্জ বাসস্ট্যান্ড চত্বর। দোকানপাটে ভাঙচুর করে আগুন লাগানো হয়। আতঙ্কে শহরবাসী।  
            অভিযোগ, রবিবার রায়গঞ্জ থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে বাসস্ট্যান্ডের বিশ্রামাগার থেকে এক শিক্ষিকা সহ চার আদিবাসী মহিলাকে জোর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয় বাসস্ট্যান্ডের ছাদের উপরের থাকা একটি ঘরে। সেখানে আড়াই ঘণ্টা ধরে তাঁদের উপর নারকীয় অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। নিখোঁজ হয় দুই আদিবাসী নাবালিকা। এদিকে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ তিন দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। মালদার গাজোল থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ দুই আদিবাসী নাবালিকাকে।

            এই ঘটনার প্রতিবাদে আজ রায়গঞ্জে চণ্ডীতলা মোড় থেকে মিছিল শুরু করে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে কার্যত তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে। কয়েক হাজার মানুষ তিরধনুক হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়।
            আগুন লাগিয়ে দেওয়া হল রায়গঞ্জ পুরবাস স্ট্যান্ড চত্বরে। কয়েকহাজার আদিবাসী বিক্ষোভকারীরা পুড়িয়ে দিল বেশ কয়েকটি মোটরবাইক ও সাইকেল। নির্বিচারে ভাঙচুর চালানো হলো পুরবাস স্ট্যান্ড লাগোয়া দোকানপাটে। ভেঙে দেওয়া হয়েছে ট্রাফিক কিয়স্ক। আতঙ্কে শহরবাসী। আদিবাসীদের আগুনে জ্বলছে পুরবাস স্ট্যান্ডের আইটিটিইউসির অফিস ঘর। দাউদাউ করে জ্বলছে পাশের একটি গুদাম ঘরও।পুলিশের সামনেই চলে আদিবাসী বিক্ষোভকারীদের এই তান্ডব।

            রায়গঞ্জের কংগ্রেসের বিধায়ক মহিত সেনগুপ্ত জানান, আদিবাসীদের উপর যে অত্যাচার হয়েছে সে বিষয়ে পুলিশ কোন সক্রিয় ভূমিকা নেয়নি।তার জন্যই তারা এই বিক্ষোভ করেছেন। দুই দিন আগে থেকে পুলিশ জানে আদিবাসীরা মিছিল করতে আসবে। তারপরেও পুলিশের তরফে কোন ব্যাবস্থা নেওয়া হয়নি। পুলিশের সামনে নিরীহ দোকানদারদের দোকান পাট ভাঙা হল, নষ্ট করা হল সরকারি সম্পত্তি। এই সমস্ত কিছুর জন্য তিনি পুলিশ প্রশাসনকে দ্বায়ি করেছেন এবং পুলিশের ভূমিকা নিয়ে এক গ্রাস ক্ষোভ উগ্লে দেন তিনি।

যদিও এই বিষয়ে পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।