মালদা

স্ত্রীকে প্রধান করতে দলীয় প্রার্থীকে পেটাল যুব তৃণমূল সভাপতি

নির্বাচন-পরবর্তী সন্ত্রাস অব্যাহত মালদা জেলায়। গ্রাম পঞ্চায়েতের প্রধান হওয়াকে কেন্দ্র করে বচসা। এক তৃণমূল প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলেরই যুব সভাপতির বিরুদ্ধে। মালদার বামনগোলা থানার মদনাবতী গ্রাম-পঞ্চায়েতের ঘটনা। আহত তৃণমূল প্রার্থী বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মালদার বামনগোলা থানার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের 19 টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই প্রধান হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে ইঁদুরদৌড় ও গোষ্ঠী কোন্দল। এই গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর আসন থেকে জয়ী হয়েছে যুব তৃণমূল নেতা পিন্টু রায়ের স্ত্রী রানু বিশ্বাস রায়। পিন্টু রায়ের দাবী তার স্ত্রীকে মদনাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান করতে হবে। কিন্তু তাতে আপত্তি জানায় এখানকারই 11 নম্বর আসন থেকে জেতা তৃণমূল প্রার্থী স্বপন ভৌমিক। অভিযোগ এই নিয়ে স্বপন বিশ্বাসের সাথে বুধবার রাত্রিবেলা পিন্টু রায়ের বচসা শুরু হয়। পিন্টু রায় দলবল নিয়ে স্বপন ভৌমিকের ওপর হামলা করে ও তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এতে স্বপন ভৌমিকের চোখে গুরুতর আঘাত লাগে। স্বপনকে অন্যান্য তৃণমূল কর্মীরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তার আঘাত গুরুতর থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় অভিযুক্ত পিন্টু রায়ের বিরুদ্ধে বামনগোলা থানায় অভিযোগ জানিয়েছে স্বপন ভৌমিক। গোটা ঘটনা নিয়ে চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এই ঘটনায় আহত স্বপন ভৌমিক অভিযোগ করে বলেন, এদিন তাকে ফোন করে ডাকা হয়। সেখানে গেলে তৃণমূলেরই যুব সভাপতির সামনে তাকে এক ছেলে মারধর করে বলে অভিযোগ। যদিও এই ঘটনার জন্য তিনি প্রধানের নামের বিরোধ করার জন্যই এই হামলা বলে দাবি করেন।

এই বিষয়ে সন্দীপ রায় নামে এক তৃণমূল কর্মী বলেন, এদিন স্বপন ভৌমিক নেমত্নন বাড়িতে গিয়েছিলেন, সেখান থেকে পিন্টু রায় তাকে ফোন করে ডাকে। এরপর তাকে মারধর করে বলে অভিযোগ।

যদিও দলের তরফে বক্তব্য রাখতে গিয়ে যুব তৃণমূলের জেলা সভাপতি অম্লান ভাদুরি জানান, এই ঘটনার কথা তিনি শুনেছেন, তবে এই ঘটনায় দলের কোন বিষয় নেই বলে দাবি করেন। সেই সঙ্গে তিনি বলেন দলের মধ্যে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/HHp7mgM3Ra8