উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বেশ কিছু এলাকায় টোটো চালকদের বাড়বাড়ন্ত নিয়ে বেশ কিছুদিন থেকেই প্রশ্ন তুলছেন শহরের মানুষজন। এবার টোটো চালকের আরও একটি ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনাকে চাক্ষুষ করলেন পথ চলতি সাধারণ মানুষ।
এদিন সকালে শহরের ব্যস্ততম মোহনবাটি বাজার এলাকায় ভাটোলগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসকে ওভারটেক করছিল এক টোটো। সেই সময় ওই বাসের সাথেই সংঘর্ষ হয় টোটোর। সংঘর্ষে টোটোর ক্ষতি হওয়ার কারণে ওই সরকারি বাসের সামনের কাঁচে ইট ছুড়ে মারার অভিযোগ ওঠে টোটো চালকের বিরুদ্ধে। এই ঘটনার জেরে বাসের চালক সহ বাসে থাকা এক শিশু যাত্রী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ওই টোটো চালককে আটক করে থানায় নিয়ে যায় রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। যদিও ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানচলাচল ব্যহত হয় ওই এলাকায়। পড়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।