রাস্তায় জমে থাকা জল নিকাসকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে বাবা ও ছেলে মিলে কুপিয়ে খুন করল এক যুবককে। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাহারাবাদ গ্রামে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহোসিন আলি(২২) বাড়ি বাহারাবাদ গ্রামে। একই গ্রামের বাসিন্দা জাহিদুল ও তার ছেলে মিন্টু সেখ। রবিবার সকালে গ্রামের একটি রাস্তার দুই পাশে থাকা জল নিকাসি ব্যবস্থা নিয়ে এবং জল নিকাসের জন্য রাস্তার মাঝে মাটি কাটার জন্য মহোসিন আলি ও জাহিদুল ও তার ছেলে মিন্টু সেখ এদের মধ্যে বচসা হয়। এরপর গ্রামে একটি সালিশি সভা করা হয় এবং মীমাংসা করে সব কিছু মিটমাট হয়ে যায়। যথারীতি ভাবে গ্রামবাসীরা ওই রস্তায় পাইপ বসিয়ে জল নিকাসের ব্যবস্থাও করে দেয়।
এরপর রবিবার সন্ধ্যার সময় মহোসিন আলি তার আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। সেই সময় ফেরার পথে বাড়ির কাছে রাস্তায় তার দেখা হয় জাহিদুল ও তার ছেলে মিন্টু সেখের সাথে। তারা মহোসিন আলির সঙ্গে বচসা শুরু করে। ধীরে ধীরে সেই বচসা চরম আকার ধারন করে। অভিযোগ বচসা চলাকালীন জাহিদুল ও তার ছেলে মিন্টু সেখ মহোসিন আলিকে চাকু মারে। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পরে মহোসিন আলি। এরপর সে চিৎকার চেঁচামেচি করলে মহোসিনের বাবা ছুটে আসে। এবং বাঁধা দেওয়ার চেষ্টা করলে জাহিদুল ও তার ছেলে মিন্টু সেখ তাকেও চাকু দিয়ে আঘাত করে। ঘটনায় হাতে গুরুত্বর আঘাত লাগে তার। আশেপাশে থাকা মানুষ ছুটে আসতেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত বাবা ও ছেলেকে গ্রামবাসীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মহোসিনকে মৃত বলে ঘোষণা করে। তার বাবার হাতের কাটা অংশে প্রায় আটটি সেলাই পড়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে চাঁচল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তরা এখনও অধরা।