চুরি হওয়া সামগ্রী উদ্ধার করলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। পূজোর আগে রায়গঞ্জ শহরে চুরির ঘটনা অব্যাহত থাকলেও এক্ষেত্রে সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। উল্লেখ্য দিন কয়েক আগে শহরের বীরনগর এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরেছিল গোটা শহর জুড়ে।
পুলিশ সূত্রে জানাজায়, সুদীপ কুমার রায় নামে এক ব্যক্তির বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছিল, বাড়িতে কেউ না থাকার সুবাদে এলসিডি টিভি, ডিভিডি প্লেয়ার, হোম থিয়েটার সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। বুধবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ চোরাই সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম বিপ্লব কুন্ডু। তার বাড়ি দক্ষিন বীরনগর এলাকায়। তার কাছ থেকে টিভি, প্লেয়ার, হোম থিয়েটার সহ বেশকিছু চোরাই সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানান রায়গঞ্জ থানার আই সি সুমন্ত বিশ্বাস। এদিন ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।