বুধবার বিকেলে পুরাতন মালদার মালদা সার্কেলের অন্তর্গত দক্ষিণ ভাটরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী তপন কুমার দাস মহাশয় এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল বুধবার।
এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ঝাবু ভূষণ দাস সহ দক্ষিণ ভাটরা এলাকার অভিভাবক এবং সাহাপুরের অঞ্চল এলাকার বিভিন্ন শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষক তপন দাসের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট স্কুলের ছাত্র-ছাত্রীরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ এবং সহকর্মীরা বিদায়ী শিক্ষক তপন দাসকে মানপত্র এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
জানা গেছে, তপনবাবু দীর্ঘ ৩৫ বছর ধরে শিক্ষকতা করে আসছিলেন, ৩১ জুলাই অর্থাৎ আজ তার কর্মজীবনের দিন সমাপ্ত হয়। জানা গেছে এই শিক্ষকের অবদানে দক্ষিণ ভাটরা প্রাথমিক বিদ্যালয় স্কুলের একটা আলাদা মাত্রা পেয়েছিল। শিক্ষা থেকে শুরু করে খেলাধুলায় জেলায় একটা নাম হয়েছিল এই স্কুলের। মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ জানান, তপন বাবু শিক্ষক হিসাবে খুবই ভালো ছিলেন। তিনি একজন মডেল শিক্ষক ছিলেন। তবে তিনি আজ অবসর নেওয়াতে শিক্ষক মহলে বিষাদ নেমে এসেছে।